Image description

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত মানবিক সহায়তা পেয়েছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ২১৩টি অসচ্ছল পরিবার। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টার দিকে জীবননগর উপজেলা অডিটোরিয়ামে এ সহায়তা বিতরণ করা হয়।

জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর আনন্দ ও ভাগাভাগির উৎসব। সমাজের অসচ্ছল মানুষ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ সহায়তা প্রদান করা হচ্ছে।

তিনি আরও বলেন, সমাজের কোনো মানুষ কষ্টে থাকবে না, এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। সবাইকে সঙ্গে নিয়েই একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো আমরা। এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

সহায়তা নিতে আসা উপকার ভোগীদের মধ্যে সীমান্ত ইউনিয়নের বাসিন্দা সালেহা বানু বলেন, আমরা গরিব মানুষ, ঈদের সময় একটু ভালোভাবে চলার চিন্তা থাকে। এই সহায়তা পেয়ে অনেক উপকার হলো।

আরেক উপকারভোগী আব্দুল গফুর বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে আমাদের মতো নিম্নআয়ের মানুষের জন্য এ সহায়তা অনেক বড় পাওয়া সেই সাথে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিনকে কৃতজ্ঞতা জানাই।

এসময় উপস্থিত ছিলেন, জেলা সুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির সাজেদুর রহমান, থানা সেক্রেটারি মাহফুজুর রহমান, শওকত হোসেন প্রমুখ।