Image description

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের উদ্যোগে উপজেলার ১ হাজার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার মদনপুরা এলাকায় তার নিজ বাসভবনে এ সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জানা গেছে, বাউফল উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের তালিকা প্রস্তুত করা হয়। প্রতিটি পরিবারকে এক হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

সহায়তা পাওয়া উপকারভোগীরা জানান, বর্তমান বাজার পরিস্থিতিতে এই অর্থ তাদের নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণে সহায়ক হবে।

বগা থেকে আসা জরিমন বিবি (৬৫) বলেন, “আগে কোনো সহায়তা পাইনি। আজ এই অর্থ পেয়ে অনেক উপকার হলো, সংসারের কিছুটা চাপ কমবে।”

সূর্যমনি এলাকার আবদুর রহিম (৬২) বলেন, “এভাবে আমাদের খোঁজ নিয়ে সহায়তা দেওয়ায় আমরা কৃতজ্ঞ। ভবিষ্যতেও এমন সহযোগিতা পেলে ভালো হবে।”

এ বিষয়ে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ জানান, সরকারের বরাদ্দকৃত ১০ লাখ টাকা সম্পূর্ণ বিতরণের পাশাপাশি ব্যক্তিগতভাবে বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় অতিরিক্ত অর্থ সংগ্রহ করে তা অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, যেসব পরিবার ইতোমধ্যে সরকারি সহায়তা পেয়েছে, তাদের এ তালিকার বাইরে রাখা হয়েছে। বরং যারা এখনো কোনো ধরনের সহায়তা পায়নি, তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে।