Image description

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গভীর রাতে মাছ ধরার নৌকা দেখতে গিয়ে বজ্রপাতে ঠাকুর চাঁন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তাঁর বাবা জনারদন (৪৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের রেগুলেটর সংলগ্ন ছোট ফেনী নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিহত ঠাকুর চাঁন মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জেলেপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যরাতে হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে নৌকা নিরাপদ আছে কি না দেখতে বাবা-ছেলে নদীর পাড়ে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে দুজনই আক্রান্ত হন এবং ঘটনাস্থলেই ঠাকুর চাঁনের মৃত্যু হয়। এলাকাবাসী তাঁদের উদ্ধার করে দ্রুত কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এদিকে, একই রাতে বজ্রপাতের তীব্র শব্দ ও আলোর প্রভাবে রবিউল হোসেন নামে আরও এক যুবক আহত হয়েছেন। তিনি নিজের তরমুজ ক্ষেত পাহারা দেওয়ার সময় এই ঘটনার শিকার হন। তাঁকেও উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল করিম জানান, হাসপাতালে আনার আগেই ঠাকুর চাঁনের মৃত্যু হয়েছে। তবে তাঁর বাবা জনারদন বর্তমানে শঙ্কামুক্ত এবং তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর