Image description

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আট মাস বয়সী আদিবা নামে এক শিশু হাম ভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়াও আরও তিন শিশু হামের একই ধরনের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে পরীক্ষা-নিরীক্ষার পর ওই শিশুর দেহে হাম ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়।

আক্রান্ত শিশু আদিবা পাকুন্দিয়া পৌর সদরের নামা লক্ষ্মীয়া গ্রামের আসাদ মিয়ার মেয়ে। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আক্রান্ত আদিবার বয়স আট মাস এবং বাকি তিন শিশুর বয়স ২ থেকে ৩ বছরের মধ্যে। তারা মূলত জ্বর, সর্দি-কাশি ও শরীরে লালচে ফুসকুড়ি নিয়ে হাসপাতালে ভর্তি হয়। সংক্রমণ ঝুঁকি এড়াতে শিশুদের বিশেষ আইসোলেশন ওয়ার্ডে রেখে নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালে আসা এক শিশুর অভিভাবক আয়েশা আক্তার বলেন, ‘আমার শিশুর তিন দিন ধরে প্রচণ্ড জ্বর ছিল। এরপর হঠাৎ শরীরে লালচে দানা ওঠে। হাসপাতালে আনার পর চিকিৎসকেরা পরীক্ষা করে জানিয়েছেন এটি হাম।’

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান জানান, আক্রান্ত শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তিনি নিশ্চিত করেন যে, হাসপাতালে হামের টিকার কোনো সংকট নেই। সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত আইসোলেশন ওয়ার্ড চালুর পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর