Image description

নওগাঁর বদলগাছীতে মেয়ের ওপর নির্যাতনের প্রতিবাদ ও পারিবারিক কলহ মীমাংসা করতে গিয়ে শ্বশুরবাড়ির লোকজনের বর্বরোচিত হামলায় গৌর চন্দ্র (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার বালুভরা ইউনিয়নের গাবনা গুদইল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গৌর চন্দ্র উপজেলার আধাইপুর উপরপাড়া গ্রামের ওমিনি চন্দ্রের ছেলে।

এ ঘটনায় জড়িত সন্দেহে মনা রানী (৪০) ও পুষ্পা রানী (২৫) নামে দুই নারীকে আটক করেছে বদলগাছী থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৭ বছর আগে গৌর চন্দ্রের মেয়ে রাখি রানীর বিয়ে হয় গাবনা গুদইল গ্রামের উত্তম কুমারের সঙ্গে। বিয়ের পর থেকেই স্বামী কাজের সুবাদে ঢাকায় থাকায় রাখিকে প্রায়ই শ্বশুর তশুরাম, ভাশুর উৎপল এবং ননদ পুষ্পা ও মনা রানী শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। গত বুধবার রাতেও রাখিকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং সারারাত তাকে ঘরে ঢুকতে দেওয়া হয়নি।

বৃহস্পতিবার দুপুরে গৌর চন্দ্র তাঁর ছেলে পলাশসহ কয়েকজন আত্মীয়কে নিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে যান বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার জন্য। আলোচনার একপর্যায়ে অভিযুক্তরা উত্তেজিত হয়ে গৌর চন্দ্র, তাঁর ছেলে, মেয়ে ও স্ত্রীর ওপর হামলা চালায়। জীবন বাঁচাতে গৌর চন্দ্র দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নিতে গেলে ভাশুর উৎপল ক্রিকেট ব্যাট দিয়ে তাঁর মাথায় সজোরে আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই সংজ্ঞাহীন হয়ে পড়েন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে বিকেল পৌনে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক গৌর চন্দ্রকে মৃত ঘোষণা করেন। হামলায় নিহতের ছেলে পলাশও আহত হয়েছেন।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, “এ ঘটনায় জড়িত ২ নারীকে আটক করা হয়েছে। মূল অভিযুক্ত উৎপলসহ অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

মানবকণ্ঠ/ডিআর