Image description

পিরোজপুরের জিয়ানগরে সাবেক ছাত্রদল নেতার হেফাজত থেকে ৫৮ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার করেছে ঝালকাঠী সদর থানার পুলিশ।  

শনিবার রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঝালকাঠী সদর থানার এসআই আসাদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে জিয়ানগরের সেউতিবাড়ীয়া এলাকা থেকে জিয়ানগর সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেসার্স পলাশ এন্টার প্রাইজের ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদারের হেফাজত থেকে এ বিটুমিন উদ্ধার করে। 

জানা গেছে, ঝালকাঠী জেলা সদরের শ্যাডো কনষ্ট্রাকশনের মালিক মেজবা উদ্দিন মিন্টু গত ২৭ ফেব্রুয়ারী চট্টগ্রামের রফিক এন্টারপ্রাইজ থেকে রাস্তার কাজের জন্য ২৫ ব্যারেল বিটুমিন ক্রয় করেন। (২ মার্চ) ঝালকাঠী থেকে ওই বিটুমিন চুরি হয়ে যায়। এ ব্যাপারে ঠিকাদার মেজবা উদ্দিন বাদী হয়ে (৫ মার্চ) ঝালকাঠী সদর থানায় একটি চুরি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুল ইসলাম সিসিটিভির ফুটেজ থেকে চোরাইমাল পরিবহনের ট্রাক সনাক্ত করে ট্রাক চালককে আটক করে। পরে ট্রাকচালকের দেওয়া তথ্যমতে শনিবার রাতে এ চোরাই বিটুমিন উদ্ধার করা হয়। 

মেসার্স পলাশ এন্টারপ্রাইজের ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদার জানান, উদ্ধার করা ৫৮ ব্যারেল বিটুমিনের মধ্যে ৩৩ ব্যারেল বিটুমিনের কাগজপত্র তিনি দেখাতে পারবেন। বাকি ২৫ ব্যারেল তার বিটুমিনের সাথে কে বা কারা রেখেছে তা তিনি জানেন না। 

মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) এসআই আসাদুল ইসলাম জানান, সিসিটিভির ফুটেজ থেকে একজনকে সনাক্ত করে তার দেওয়া তথ্যমতে জিয়ানগরের সেউতিবাড়ীয়া গ্রাম থেকে মেসার্স পলাশ এন্টারপ্রাইজের ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদারের হেফাজত থেকে এ বিটুমিন উদ্ধার করা হয়েছে। তিনি কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।