লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান (২৮) নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। এই ঘটনার জেরে সীমান্ত এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং স্থানীয় জনতা এক ভারতীয় নাগরিককে দুটি গরুসহ আটক করে বিজিবির কাছে সোপর্দ করেছে।
সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পাটগ্রাম উপজেলার ধবলসুতি বিওপি এলাকায় এ ঘটনা ঘটে। আহত মিজানুর রহমান উপজেলার রহমতপুর গাটিয়ার ভিটা গ্রামের মফিজুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে পাটগ্রামের ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধীনস্থ ধবলসুতি বিওপি’র সীমান্ত পিলার ৮২৬/১-এস এর কাছে ঘাস কাটতে যান মিজানুর। এসময় ভারতীয় ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের গোমতী ক্যাম্পের একটি টহল দল তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একটি গুলি তার কাঁধে লাগে। আহত অবস্থায় তিনি দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে বিএসএফের এই অনাকাঙ্ক্ষিত গুলির ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে ওঠেন সীমান্তবাসী। তারা ধবলসুতি সীমান্ত এলাকা থেকে শ্রী সাধন বর্মন নামে এক ভারতীয় নাগরিককে দুটি গরুসহ আটক করে বাংলাদেশে নিয়ে আসেন। বর্তমানে ওই ভারতীয় নাগরিক বিজিবির হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। এর প্রেক্ষিতে স্থানীয়রা একজন ভারতীয়কে গরুসহ আটক করে নিয়ে আসে। বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।"
ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বিজিবি ও বিএসএফের মধ্যে এ বিষয়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments