Image description

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের একদিন পর সৈকত (৭) নামে এক মাদ্রাসা ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের উত্তর নরসিংহপুর এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সৈকত গাইবান্ধা জেলার রঞ্জু মিয়ার ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৫ এপ্রিল) দুপুরের পর থেকে নিখোঁজ হয় সৈকত। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে ওই রাতেই ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সোমবার বিকেলে স্থানীয়রা উত্তর নরসিংহপুর এলাকার একটি পরিত্যক্ত জায়গায় শিশুটির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

মানবকণ্ঠ/ডিআর