Image description

চট্টগ্রামের কর্ণফুলীতে মাথায় ইট দিয়ে থেঁতলে মো. দিদারুল আলম নামে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগে আবু তৈয়ব (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) রাত দশটার দিকে উপজেলার মইজ্জ্যেরটেক এলাকায় এঘটনা ঘটে।

নিহত দিদারুল আলম (৪৫) রিয়াজুদ্দিন বাজারের ব্যবসায়ী। সে পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের মোহাম্মদ নগর চাঁদ মিয়া হাজির বাড়ির মৃত আহমেদ মিয়ার পুত্র। এঘটনায় অভিযুক্ত আবু তৈয়বকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সে একই এলাকার মৃত কবির আহমদের ছেলে। অভিযুক্ত তৈয়ব নিহত দিদারুল আলমে দোকানে গত ৭ বছর আগে কর্মচারী হিসেবে ছিল।

নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে দুইজনের মধ্যে পাওনা টাকা নিয়ে বিরোধ চলে আসছিল। এসব নিয়ে এলাকায় একাধিক বৈঠকও হয়। শুক্রবারে রাতে নিহত দিদারুল নগরীর বাকলিয়ার বাসায় ফিরছিলেন। মইজরজ্যেটেক এলাকায় আসলে তৈয়ব মাথায় ইট দিয়ে থেঁতলে গুরুতর আহত করেন দিদারুলকে। স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তৈয়বকে আটক করে পুলিশে তুলে দেন স্থানীয় জনতা।

নিহতের চাচাতো ভাই আনোয়ার হোসেন বলেন, বিদেশে ফেরত আবু তৈয়ব দিদারুল আলমের দোকানে কর্মচারী হিসেবে চাকরী করত। বিগত ৭ বছর আগে চাকরি ছেড়ে চলে আসে। এরপর থেকে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরজের ধরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, 'এঘটনায় জড়িত একজন আটক রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।'