Image description

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় একটি ফিশিং বোটে অভিযান চালিয়ে ৫ লাখ পিস ইয়াবাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকায় এই অভিযান চালানো হয়। শনিবার (১১ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—সৈয়দ আলম (৪৫), সুলতান আহম্মদ (৫৫), মো. ইউসুফ (৪৫), মো. কাসিম (৩০) ও মো. ইসমাইল (৪০) (রোহিঙ্গা নাগরিক) এবং শাহ আলম (৩৫), আজম উল্লাহ (৫৭), মো. ফারুক (২৫) ও ছানাউল্লাহ (৫৭)।

র‍্যাব জানায়, কক্সবাজার সীমান্তবর্তী এলাকা থেকে একটি বড় মাদকের চালান ফিশিং বোটযোগে চট্টগ্রামে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গার ১৫ নম্বর ঘাট এলাকায় অবস্থান নেয় র‍্যাবের একটি দল। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে বোট থেকে পালানোর চেষ্টাকালে ওই ৯ জনকে গ্রেপ্তার করা হয়। পরে ট্রলারের ইঞ্জিন রুমে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাব কর্মকর্তা মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে কম দামে ইয়াবা কিনে সাগরপথে ট্রলারযোগে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাচার করে আসছিল। এই মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর