Image description

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নাসিম (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসের আরও ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) সকাল ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দামোদরপুর শৌলা ও সোনামুখী বাজারের মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাসিম দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চাকাই গ্রামের সাহাবউদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে একটি হাই-এস মাইক্রোবাস দিনাজপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি শসা বোঝাই ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালকসহ ১১ জনকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক নাসিমকে মৃত ঘোষণা করেন। আহত অন্য ১০ যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি উদ্ধার করা হয়েছে। চালক নিহত হলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মানবকণ্ঠ/ডিআর