Image description

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার উত্তর ঝাউকুটি সীমান্তে অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (১২ এপ্রিল) দিবাগত রাতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৩৭-এর পাশ দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে তারা আটক হন।

আটককৃতরা হলেন—কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের অষ্টমির চরের বাগমারা গ্রামের সোলাইমান হোসেন এবং ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বলদিয়া কুমারটারী গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে সোহাগ মিয়া।

সীমান্তবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, রোববার রাতে ওই দুই যুবক উত্তর ঝাউকুটি সীমান্ত দিয়ে ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার টাকিমারী এলাকায় প্রবেশ করেন। এসময় ভারতের স্থানীয় জনতা ও বিএসএফ সদস্যরা তাদের আটক করে।

ভুক্তভোগী সোহাগের বড় ভাই সোহেল রানা জানান, তার ছোট ভাই তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। সোমবার সকালে লোকমুখে তিনি জানতে পারেন সোহাগ ভারতে বিএসএফের হাতে আটক হয়েছে। তবে কী কারণে তিনি ভারতে গিয়েছিলেন সে বিষয়ে তার পরিবার নিশ্চিত নয়। ভাইয়ের সন্ধানে সোহেল রানা বর্তমানে বিজিবি ক্যাম্প ও স্থানীয় সীমান্ত এলাকায় অবস্থান করছেন।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "আমার ইউনিয়নের একজন এবং পার্শ্ববর্তী বলদিয়া ইউনিয়নের একজন যুবক টাকিমারী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করলে তারা বিএসএফের হাতে ধরা পড়ে বলে জানতে পেরেছি।"

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মাহবুব উল হক জানান, "সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটকের খবর আমরা পেয়েছি। এ বিষয়ে বিস্তারিত জানতে এবং তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করতে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। সোমবার বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।"

মানবকণ্ঠ/ডিআর