Image description

রাজশাহীর বাঘা উপজেলার কেশবপুর স্কুল অ্যান্ড কলেজের ৩৯ জন শিক্ষার্থীর এ বছর এসএসসি পরীক্ষায় বসা অনিশ্চিত হয়ে পড়েছে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের চরম দায়িত্বজ্ঞানহীনতায় ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯ জনেরই ফরম পূরণ হয়নি। এমনকি এসব শিক্ষার্থীর মধ্যে ৩৪ জনের নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন পর্যন্ত সম্পন্ন করেনি স্কুল কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফরম পূরণ ও রেজিস্ট্রেশন না হওয়ায় পরীক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। বুধবার (১৫ এপ্রিল) পর্যন্ত রাজশাহী শিক্ষা বোর্ডে এসব শিক্ষার্থীর কোনো তথ্য জমা পড়েনি।

এ বিষয়ে কেশবপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান মুঠোফোনে জানান, বিষয়টি তিনি উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) অবহিত করেছেন। তিনি দাবি করেন, কলেজ পরিদর্শক ও বোর্ড চেয়ারম্যানের সঙ্গে তার কথা হয়েছে, দ্রুতই ফরম পূরণ ও রেজিস্ট্রেশনের ব্যবস্থা হয়ে যাবে। তবে সময়মতো কেন কাজগুলো সম্পন্ন হয়নি, এমন প্রশ্নে তিনি 'ব্যক্তিগত ঝামেলার' অজুহাতে মূল কাগজপত্র জমা দিতে না পারার কথা স্বীকার করেন।

এদিকে রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, অধ্যক্ষ প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই বোর্ডে তদবির করছেন। শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক শামীম হাসান জানান, সোমবার অধ্যক্ষ বোর্ডে এসেছিলেন কিন্তু কোনো হার্ড কপি (মূল নথি) নিয়ে আসেননি। 

তিনি আরও বলেন, "আমাদের প্রথম লক্ষ্য শিক্ষার্থীদের পরীক্ষার ব্যবস্থা করা। এরপর এ ধরনের গুরুতর গাফিলতির জন্য অধ্যক্ষের বিরুদ্ধে বোর্ড চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

হাতে সময় খুব কম থাকায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত অভিভাবক ও এলাকাবাসী। তারা দ্রুত এই সমস্যার সমাধান এবং অভিযুক্ত অধ্যক্ষের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

মানবকণ্ঠ/ডিআর