বান্দরবানে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
বান্দরবানের লামা উপজেলায় রাবার ব্যবসার নিয়ন্ত্রণ ও চাঁদাবাজিকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রদল নেতাসহ একটি চক্রের বিরুদ্ধে। হামলায় গুরুতর আহত ব্যবসায়ী মো. ওমর ফারুক বর্তমানে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে আহত ফারুকের বাবা আব্দুস সবুর বাবুল বাদী হয়ে লামা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে আজিজনগর সাংগঠনিক থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ আলম মাসুমকে প্রধান অভিযুক্ত করা হয়েছে। এজাহারে নাম থাকা অন্য অভিযুক্তরা হলেন— কোরবান আলী প্রকাশ রাজা মিয়া (২৪), মনির হোসেন মজলু (৩৫), মো. লিটন (৩০) ও রফিকুল ইসলাম। তারা সকলেই আজিজনগর ইউনিয়নের বাসিন্দা। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
ভুক্তভোগী আব্দুস সবুর বাবুল জানান, তারা দীর্ঘ সময় ধরে এলাকায় রাবারের ব্যবসা করে আসছেন। প্রবাসে থাকা অন্য ছেলেদের অনুপস্থিতিতে বড় ছেলে ওমর ফারুক দেশে ফিরে ব্যবসার দেখভাল করছিলেন। এর মধ্যে অভিযুক্ত চক্রটি তাদের কাছে চাঁদা দাবি করে। প্রথমে চাপের মুখে বাধ্য হয়ে কিছু টাকা দিলেও, সম্প্রতি চক্রটি আবারও মোটা অঙ্কের চাঁদা দাবি করে। পরে বিষয়টি নিয়ে বৈঠকের কথা বলে ফারুককে ডেকে নেওয়া হয় এবং তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা ফারুককে পিটিয়ে গুরুতর আহত করার পাশাপাশি তার মোটরসাইকেল ভাঙচুর করে এবং মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ব্যবসায়ীকে মারধর ও চাঁদাবাজির একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানবকণ্ঠ/আরআই




Comments