Image description

দেশের সামুদ্রিক খাতে দক্ষ ও আন্তর্জাতিক মানের মানবসম্পদ গড়ে তুলতে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট (এনএমআই) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজিব আহসান এমপি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মাদারীপুরে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের নিজস্ব ক্যাম্পাসে ২য় ব্যাচের প্রশিক্ষণার্থী নাবিকদের পাশিং আউট ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নবীন নাবিকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, “এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নাবিকরা দেশের জন্য মূল্যবান সম্পদ। কর্মক্ষেত্রে আপনাদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে হবে, যাতে আন্তর্জাতিক সমুদ্রসীমায় বাংলাদেশের সুনাম ও মর্যাদা আরও বৃদ্ধি পায়।” 

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার সামুদ্রিক খাতের আধুনিকায়ন ও দক্ষ জনবল তৈরির মাধ্যমে এই শিল্পকে বৈশ্বিক উচ্চতায় নিয়ে যেতে নিরলস কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকরিয়া। এছাড়া নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোঃ শফিউল বারীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ শহিদ উল্লাহ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বাংলাদেশ নৌবাহিনীর বাদ্যযন্ত্রের তালে প্রশিক্ষণার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। অনুষ্ঠানে প্রশিক্ষণে বিশেষ কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সেরা প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও সমাপনী বক্তব্যের মাধ্যমে বর্ণাঢ্য এই আয়োজনের সমাপ্তি ঘটে।

মানবকণ্ঠ/ডিআর