পাকুন্দিয়ায় ৩ বছর আগের ‘চড়ের’ জেরে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৩
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্বশত্রুতার জেরে সানি (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সানি ওই গ্রামের কাতার প্রবাসী হাদিউল ইসলামের ছেলে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে একই এলাকার আজিজুল, নজরুল ইসলাম ও আবুল কালাম নামে তিনজনকে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে হিজলীয়া দক্ষিণ পাড়া জামে মসজিদের পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন সানি। এসময় আগে থেকে ওত পেতে থাকা একই এলাকার সুরুজ মিয়ার ছেলে মফিজুলের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। সানির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের নেপথ্য কারণ সম্পর্কে স্থানীয় সাবেক ইউপি সদস্য জমশেদ আলী জানান, প্রায় তিন বছর আগে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে একটি তুচ্ছ বিষয় নিয়ে মফিজুলের সঙ্গে সানির কথা-কাটাকাটি হয়েছিল। এক পর্যায়ে সানি মফিজুলকে একটি চড় মেরেছিলেন। ধারণা করা হচ্ছে, সেই পুরনো ক্ষোভ থেকেই মফিজুল পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments