Image description

টাঙ্গাইলের মধুপুরে পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. ফজলুল হক (৬১) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালক ও যাত্রীসহ আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন। 

রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের গোলাবাড়ী ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফজলুল হক ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের উত্তর নরিল্যা এলাকার মৃত আসতুল্লাহর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মধুপুর থেকে একটি পিকআপ ভ্যান জামালপুরের দিকে যাচ্ছিল। পথে গোলাবাড়ী ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দুটি ব্যাটারিচালিত অটোরিকশার সাথে পিকআপটির ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই অটোরিকশায় থাকা চালকসহ ১১ জন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক ফজলুল হককে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই সাব-ইন্সপেক্টর মো. সেলিম শিকদারসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘাতক পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে এসেছে, তবে চালক কৌশলে পালিয়ে গেছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মানবকণ্ঠ/ডিআর