Image description

খুলনার পাইকগাছায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের ধাক্কায় বীরেন বৈরাগী (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার কপিলমুনি ইউনিয়নের নাবা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত বীরেন বৈরাগী ওই গ্রামের মৃত মাদার বৈরাগীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক জমিজমা নিয়ে বীরেন বৈরাগীর সঙ্গে তাঁর ছোট ভাই কিরণ বৈরাগীর দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। সোমবার সকালে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও ধাক্কাধাক্কিতে রূপ নেয়। এসময় ছোট ভাই কিরণের সজোরে দেওয়া এক ধাক্কায় বীরেন বৈরাগী মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন।

পরে প্রতিবেশীরা তাঁকে দ্রুত উদ্ধার করে কপিলমুনি ১০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বীরেন বৈরাগীকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর