কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এক চিকিৎসকের বাড়িতে দুর্ধর্ষ চুরি ও পরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (২৬ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের দক্ষিণ শিঙ্গঝাড় গ্রামে এই ঘটনা ঘটে। এতে আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে প্রায় ৫৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তির নাম ডা. রোকনুজ্জামান কিরণ। তিনি এলাকায় চিকিৎসক ও সমাজসেবক হিসেবে সুপরিচিত। এই ঘটনায় সোমবার রাতে ভুরুঙ্গামারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বাড়ির কেয়ারটেকার আলেফ উদ্দিন জানান, রোববার রাত ১২টার দিকে তিনি কাজ শেষ করে নিজের বাড়িতে চলে যান। পরদিন সোমবার সকাল ১০টার দিকে ধান মাড়াই করতে আসা শ্রমিকরা ওই বাড়িতে আগুন জ্বলতে দেখেন। এসময় ঘরের ভেতরে আসবাবপত্র জ্বলছিল। পরে স্থানীয়দের সহায়তায় জানালার কাচ ভেঙে আগুন নেভানো হয়।
ডা. রোকনুজ্জামান কিরণ বলেন, “পারিবারিক কাজে আমরা সবাই ওইদিন রংপুরে ছিলাম। বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এরপর তাঁরা ঘরে আগুন ধরিয়ে দেয়। আগুনে ঘরের আসবাবপত্র, বাড়ির দলিলপত্র এবং দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ সব নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমাদের প্রায় ৫৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন লাগার সঠিক কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। তদন্ত ও প্রমাণের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments