Image description

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইজিবাইকের চার্জার লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সালেহা বেগম (৮২) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে প্রতিবেশী আব্দুল হাকিম শেখের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় সেখানে চার্জে দেওয়া একটি ব্যাটারিচালিত ইজিবাইকের বৈদ্যুতিক সংযোগে অসাবধানতাবশত হাত লাগে সালেহা বেগমের। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের ছেলে শাহাদাত শিকদার জানান, সকালে মাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। একপর্যায়ে আব্দুল হাকিমের বাড়ির সামনে ইজিবাইকের নিচে মায়ের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তার কপালে বিদ্যুৎস্পৃষ্টের পোড়া দাগ ছিল।

ইজিবাইক মালিক আব্দুল হাকিম জানান, শোরগোল শুনে ঘর থেকে বেরিয়ে তিনি বৃদ্ধার মরদেহ উদ্ধার করেন।

ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. মমরেজ ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পরে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।

টুঙ্গিপাড়া থানার ওসি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর