Image description

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মরহুম কুদ্দুছুর রেজার বাড়িতে গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বসতঘর ও আসবাবপত্র পুড়ে অন্তত ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার। 

শনিবার (২ মে) ভোররাত আনুমানিক ৩টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ ওই বাড়িতে আগুনের লেলিহান শিখা দেখতে পান প্রতিবেশীরা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বাড়ির বিভিন্ন কক্ষে। প্রাথমিকভাবে আগুনের সঠিক কারণ নিশ্চিত হওয়া না গেলেও স্থানীয়দের কেউ কেউ বৈদ্যুতিক শর্ট সার্কিট, আবার কেউ নাশকতার আশঙ্কা করছেন।

মরহুম কুদ্দুছুর রেজার ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল্লাহ আল মামুন অভিযোগ করে বলেন, “এটি পরিকল্পিত কোনো ঘটনা হতে পারে। এর আগে ২০১৮ সালেও আমাদের বাড়িতে জানালা ভেঙে ঢুকে লুটপাট চালানো হয়েছিল এবং আমার বোনের মেয়েকে ছুরিকাঘাত করে আহত করা হয়েছিল। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন থাকায় এর পেছনে রাজনৈতিক কোনো কারণ বা পূর্ব শত্রুতা থাকতে পারে বলে আমরা সন্দেহ করছি।”

অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় গভীর উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনিন সুলতানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো সম্ভব হবে।

মানবকণ্ঠ/ডিআর