Image description

রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের হাজীপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত স্বামী পালিয়ে গেছে।

নিহত গৃহবধূর নাম মোছাঃ নুরুন্নাহার বেগম (৩৫)। তিনি খোড়াগাছ হাজীপাড়া গ্রামের বাসিন্দা মোঃ নজরুল ইসলামের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পারিবারিক বিরোধের জেরে নজরুল ইসলাম তার স্ত্রী নুরুন্নাহার বেগমকে হত্যা করে। পরে সে তার মাকে ফোন করে জানায়, তার ঘরে একটি লাশ রয়েছে। এরপর ঘরের দরজা বন্ধ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে অভিযুক্তের মা ঘরে গিয়ে তার ছেলের স্ত্রীর মরদেহ দেখতে পান। খবর পেয়ে সকাল ৭টার দিকে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় পুলিশ জানায়, হত্যাকাণ্ডের কারণ ও বিস্তারিত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।