Image description

পটুয়াখালীর বাউফলে মানবিক সহায়তা আর মায়ের পরম যত্নে সুস্থভাবে বেড়ে উঠছে একসঙ্গে জন্ম নেওয়া আলোচিত সেই পাঁচ শিশু। নিম্ন আয়ের পরিবারে এই শিশুদের ভরণপোষণ নিয়ে দুশ্চিন্তা থাকলেও সমাজের বিভিন্ন মহলের সহযোগিতায় বর্তমানে ভালো আছে তারা।

জানা গেছে, উপজেলার কালিশুড়ী ইউনিয়নের সিংহেরাকাঠি গ্রামের সোহেল ও লামিয়া দম্পতির বিয়ের পাঁচ বছর পর গত বছরের ৬ অক্টোবর বরিশালের একটি বেসরকারি ক্লিনিকে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম হয়। শিশুদের নাম রাখা হয়েছে লাবিবা, হাসান, হোসাইন, উমামা ও মুহাসিন। একসঙ্গে পাঁচ সন্তানের আগমনে পরিবারে আনন্দের বন্যা বয়ে গেলেও মুদিদোকানি বাবার পক্ষে তাদের দুধ ও চিকিৎসার বিশাল ব্যয়ভার বহন করা কঠিন হয়ে পড়ে। বর্তমানে এই শিশুদের প্রতিদিনের পেছনে প্রায় ২ হাজার টাকা খরচ হচ্ছে।

সংবাদমাধ্যমে এই কষ্টের কথা প্রচার হওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও দানবীর ব্যক্তিরা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। এরই ধারাবাহিকতায় শনিবার (১৬ মে) বাউফলের কৃতি সন্তান বীর উত্তম সামসুল আলম তালুকদারের ছেলে ও সমাজসেবক হাসিব আলম তালুকদার ওই পরিবারের হাতে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেন।

শিশুদের মা লামিয়া আক্তার আবেগপ্লুত হয়ে বলেন, "বিয়ের পাঁচ বছর পর আল্লাহ আমাদের কোলজুড়ে একসাথে পাঁচ সন্তান দিয়েছেন। আমরা খুব খুশি হলেও তাদের খরচ চালানো নিয়ে দিশেহারা হয়ে পড়েছিলাম। তবে অনেকে আমাদের পাশে দাঁড়িয়েছেন, আজ হাসিব আলম তালুকদারও ৫০ হাজার টাকা দিয়েছেন। সবার সহযোগিতায় সন্তানদের মানুষের মতো মানুষ করার স্বপ্ন দেখছি।"

শিশুদের নানী শাহানাজ বেগম জানান, মানুষের দেওয়া সহায়তায় বর্তমানে শিশুদের ভরণপোষণ চলছে। তবে এই শিশুদের ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার ও সমাজের বিত্তবানদের নিয়মিত সহায়তা প্রয়োজন।

অ্যাডভোকেট ঝর্ণা আক্তার জানান, নিম্ন আয়ের একটি পরিবারের পক্ষে পাঁচটি শিশুর প্রতিদিনের ব্যয় মেটানো অত্যন্ত দুরূহ। তাই সামর্থ্যবানদের এই পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

মানবকণ্ঠ/ডিআর