গাইবান্ধায় ছাত্রদলের দুই পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণ
গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের চৌমাথা এলাকায় ছাত্রদলের বিবাদমান দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার (১৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই সংঘাতের জেরে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে একপর্যায়ে পুলিশও হামলার মুখে পড়ে পিছু হটতে বাধ্য হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের এক কর্মীকে মারপিটের ঘটনাকে কেন্দ্র করে দুপুর থেকেই পৌর শহরে উত্তেজনা বিরাজ করছিল। সন্ধ্যায় পরিস্থিতি আরও ঘোলাটে হয় যখন বিবাদমান দুটি পক্ষ মহাসড়কের উত্তর ও দক্ষিণ দিকে অবস্থান নেয়। একপর্যায়ে দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালীন অন্তত তিনটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। মুহূর্তেই এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয় এবং সাধারণ মানুষ প্রাণভয়ে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। খবর পেয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ার আলম খানের নেতৃত্বে পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছালে উত্তপ্ত জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। হামলার তীব্রতায় পুলিশ সদস্যরা একপর্যায়ে পিছু হটে থানায় আশ্রয় নিতে বাধ্য হন।
তবে এই ঘটনায় এখন পর্যন্ত বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম খান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। শহরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে।




Comments