Image description

সিলেটে হামের প্রকোপ থামছেই না। গত ২৪ ঘণ্টায় জেলাটিতে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুই শিশুর বয়সই এক বছরের কম। 

সোমবার (১৮ মে) সকালে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত শিশুদের মধ্যে একজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যজন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। তবে এই ৩৭ জনের মধ্যে এখন পর্যন্ত চার শিশুর শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। বাকি শিশুরা হামের উপসর্গ নিয়ে মারা গেলেও তারা আগে থেকেই হৃদরোগ, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জন্ডিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে প্রায় ৩০০ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে কেবল শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালেই ভর্তি আছেন প্রায় ৮০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো ল্যাব-নিশ্চিত রোগী শনাক্ত না হলেও, হামের উপসর্গ নিয়ে আরও ৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৪৯ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে।

সিলেটে শিশুদের মধ্যে এই রোগের সংক্রমণ ও মৃত্যু বেড়ে চলায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। চিকিৎসকরা আক্রান্ত শিশুদের দ্রুত হাসপাতালে নিয়ে আসা এবং জটিলতা এড়াতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।