সোনারগাঁওয়ে গ্রাম পুলিশের ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আশরাফুল ইসলাম (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ মে) সকালে উপজেলার বারদী ইউনিয়নে বড় আলমদী শাউপাড়া নির্জন বাগান এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আশরাফুল উপজেলা বারদী ইউনিয়নের মহিলা গ্রাম পুলিশ সদস্য ফুলেছা বেগমের ছেলে।
পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানান, রোববার সকালে বাড়ির পাশের একটি নির্জন বাগানে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আশরাফুলের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এদিকে এলাকার অনেকে বলছে সে নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে নিহতের পরিবার বলছে এটা আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা।
নিহত আশরাফুলের মা ফুলেছা বেগমের দাবি, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি বলেন, ঘটনার আগে কয়েকজন বন্ধু ফোন করে আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। আমার ছেলে আত্মহত্যা করার মতো না। তাকে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




Comments