চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে প্রটোকল অফিসারের মরদেহ উদ্ধার
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে নরেন ধর (৩৮) নামে এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নরেন ধর ওই মিশনে প্রটোকল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় অবস্থিত হাইকমিশন কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে খুলশীস্থ ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের ভেতরে ওই কর্মকর্তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মিশনের সামনে পুলিশের ব্যাপক উপস্থিতি এবং পরে একটি অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে যেতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া ও জনসংযোগ) আমিনুর রশিদ জানান, “মৃত নরেন ধর ভারতীয় সহকারী হাইকমিশনে প্রটোকল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।”
তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে ময়নাতদন্তের প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঘটনাস্থলে কোনো সন্দেহজনক আলামত পাওয়া গেছে কি না— সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে, এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর বিষয়ে জানতে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় পুলিশ ও সংশ্লিষ্ট বিভাগগুলো সতর্কতার সাথে তদন্ত চালিয়ে যাচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments