Image description

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে আবারো তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের ঢাকামুখী লেনের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ থেকে মেঘনা-গোমতী সেতু পর্যন্ত দীর্ঘ এলাকাজুড়ে শত শত যানবাহন আটকে আছে। বৃহস্পতিবার (২১ মে) ভোর থেকে শুরু হওয়া এই যানজটে পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী।

স্থানীয় ও যাত্রী সূত্রে জানা গেছে, এটি নিয়ে টানা তিন দিন ধরে ভোরের দিকে মহাসড়কের এই অংশে যানজট দেখা দিচ্ছে। এতে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না কর্মজীবী ও সাধারণ যাত্রীরা। ভ্যাপসা গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বাসে বসে থেকে সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা অসুস্থ হয়ে পড়ছেন।

ভুক্তভোগী যাত্রী ও সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সাবেক সভাপতি বদরুল হুদা জেনু জানান, একটি গুরুত্বপূর্ণ কাজে ঢাকা যাওয়ার পথে সকাল ৭টা থেকে তিনি ইলিয়টগঞ্জ এলাকায় আটকে আছেন। আরেক যাত্রী মহিউদ্দিন বলেন, গত কয়েকদিনের যানজটের খবর শুনে জট এড়াতে সকাল সকাল রওনা দিয়েছিলেন, কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। যানজট আর গরমে নাভিশ্বাস উঠছে সবার।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, ভোরে মেঘনা-গোমতী সেতুর কাছাকাছি একটি ট্রাক উল্টে যাওয়ার কারণে মহাসড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। দ্রুততম সময়ের মধ্যে দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরিয়ে নেওয়া হয়েছে। দীর্ঘ সময় গাড়ি দাঁড়িয়ে থাকায় সড়কে তীব্র জট তৈরি হয়েছে। তবে হাইওয়ে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে এবং আশা করা হচ্ছে খুব দ্রুতই যান চলাচল স্বাভাবিক হবে।

মানবকণ্ঠ/আরআই