নারায়ণগঞ্জে মাটি কাটা নিয়ে দ্বন্দ্বে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, আটক ৪
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবৈধ মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে ওসমান গনি (৪০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজন ও বিএনপির নেতাকর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
বুধবার (২০ মে) দিবাগত রাতে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার বিলসংলগ্ন কাউন্দার চক এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ওসমান গনি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি উপজেলার বড় বিনাইরচর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রমজান আলীর সঙ্গে ওসমান গনির বিরোধ চলছিল। এরই জেরে বুধবার রাতে রমজান আলীর লোকজন ওসমান গনির ওপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াইহাজার জবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments