চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পৃথক দুটি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) সকালে উপজেলার এরশাদপুর এবং হাঁপানিয়া গ্রামে এই দুর্ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন—আলমডাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এরশাদপুর মক্তবপাড়ার মৃত খন্দকার এনামুল হকের ছেলে হৃদয় হোসেন (২২) এবং উপজেলার হাঁপানিয়া দক্ষিণপাড়ার মৃত আলীহিম বিশ্বাসের ছেলে মো. আশরাফ আলী (২৭)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথম ঘটনাটি ঘটে এরশাদপুর গ্রামে। সকাল সাড়ে ৭টার দিকে হৃদয় হোসেন বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পুকুরের পানি নিষ্কাশনের কাজ করছিলেন। একপর্যায়ে মোটরে পানি না আসায় তিনি সেটি ঠিক করতে উঁচু করে ধরার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত মোটরের তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, একই দিন সকাল ৭টার দিকে হাঁপানিয়া দক্ষিণপাড়ায় নিজ বসতঘরের ছাদে বিচালি (খড়) বিছানোর কাজ করছিলেন আশরাফ আলী। এ সময় ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে তাঁর পা লেগে যায়। মুহূর্তেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে রক্তাক্ত জখম হন। স্বজনরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলাসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments