মানিকগঞ্জে লোহার খাট বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যু
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বাড়ির উঠানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (২৫) নামে এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেলে উপজেলার রামেশ্বরপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম ওই গ্রামের মো. ইছাক বেপারীর ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং সেখানে ইলেকট্রনিক্সের কাজ করতেন। মাত্র ১২ দিন আগে গত ১০ মে তিনি প্রবাস থেকে দেশে ফিরেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ৩টার দিকে সাইফুল বাড়ির উঠানে বৈদ্যুতিক সংযোগ ব্যবহার করে একটি লোহার খাট তৈরির কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ও স্বজনরা দ্রুত এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে ৪টার দিকে সাইফুলকে মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা গেছে, প্রবাসে ইলেকট্রনিক্সের কাজ করার অভিজ্ঞতা থাকায় সাইফুল নিজের হাতেই ঘরের আসবাবপত্র তৈরি করছিলেন। কিন্তু সেই শখের কাজই তাঁর জীবনে কাল হয়ে দাঁড়াল। মাত্র কয়েক দিন আগে দেশে ফেরা তরুণের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
হরিরামপুর থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments