সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করে আবারও তীব্র সমালোচনার মুখে পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহ উদ্দীন আম্মার। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেত্রী উম্মে সালমার করা একটি ফেসবুক পোস্টে এক পাকিস্তানি নারী শিক্ষার্থীকে ইঙ্গিত করে ‘নিয়ে আসেন আমার জন্য’ লিখে ব্যাপক তোপের মুখে পড়েছেন তিনি।
জানা গেছে, সম্প্রতি ডাকসু নেত্রী উম্মে সালমা (সম্ভবত চীন সফরকালে) এক পাকিস্তানি নারী শিক্ষার্থীর সঙ্গে তোলা ছবি নিজের ফেসবুকে পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘বাংলাদেশ+পাকিস্তান। ঢাকা ইউনিভার্সিটি+পিকিং ইউনিভার্সিটি’। সেই পোস্টের কমেন্ট বক্সে রাকসু জিএস আম্মার ওই অশালীন মন্তব্যটি করেন। মুহূর্তের মধ্যেই মন্তব্যের স্ক্রিনশটটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয় অঙ্গনসহ নেটদুনিয়ায় নিন্দার ঝড় ওঠে।
তীব্র সমালোচনার মুখে বৃহস্পতিবার রাতে আম্মার তার মন্তব্যটি মুছে ফেলেন। তবে এর আগেই স্ক্রিনশটটি ভাইরাল হয়ে যায়। একজন নির্বাচিত ছাত্র প্রতিনিধির কাছ থেকে নারীর প্রতি এমন অবমাননাকর ও ভোগ্যবস্তু সুলভ মন্তব্য অপ্রত্যাশিত বলে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা।
রাবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল জীবন ও সহ-সভাপতি শেখ নূর উদ্দীন আবীর এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেন, একজন ছাত্র প্রতিনিধির ভাষা কখনই নারীকে হেয় করার মতো হতে পারে না। দেশে যখন রামিসা হত্যাকাণ্ডের মতো ঘটনায় শোক ও প্রতিবাদ চলছে, তখন এ ধরনের মন্তব্য চরম দায়িত্বহীনতা ও সাইবার বুলিংয়ের শামিল। ছাত্রদল নেতারা তাকে জিএস পদের অনুপযুক্ত আখ্যা দিয়ে তার মানসিক চিকিৎসার দাবি জানিয়েছেন। ছাত্র অধিকার পরিষদের রাবি শাখার সাধারণ সম্পাদক আল শাহরিয়া শুভ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই অসংবেদনশীল মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। অনেকেই আম্মারকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি তুলেছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে শুক্রবার রাকসু জিএস সালাহ উদ্দীন আম্মারের মুঠোফোনে কল করা হলেও তিনি সাড়া দেননি। রাবি প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বর্তমানে পাকিস্তান সফরে রয়েছেন। তিনি দেশে ফিরলেই আম্মারের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
মানবকণ্ঠ/আরআই




Comments