গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ফিলিং স্টেশনে সংলগ্ন আঞ্চলিক মহাসড়কে ট্রাক চাপায় এম এ আউয়াল সরকার (৫৬) নামে সাবেক অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিহত হয়েছেন।
রোববার (২৪ মে) রাত সাড়ে ১০টার দিকে সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক সড়কের বামনডাঙ্গা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এম এ আউয়াল সরকার উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের মৃত সৈয়দ আলী সরকারের ছেলে। তিনি অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে লালমনিরহাট কর্মরত থাকাকালীন অনিয়মের বেড়াজালে পড়ে বরখাস্ত হন। চাকুরি হারিয়ে বর্তমানে এলাকার মানুষের বিভিন্ন মামলা মোকদ্দমা নিয়ে গাইবান্ধা জজ কোর্টে যাতায়াত করতেন।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, গাইবান্ধা জজ কোর্ট থেকে রোববার রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি। পথে বামনডাঙ্গা ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়। নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা করছে পুলিশ।




Comments