চাপ বাড়ছে যমুনা সেতুতে, ২৪ ঘণ্টায় টোল আদায় সোয়া ৩ কোটি টাকা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ঘরমুখো মানুষের ঢল নেমেছে উত্তরাঞ্চলমুখী মহাসড়কে। এর প্রভাব পড়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ যমুনা সেতুতেও। দিন যত গড়াচ্ছে, সেতুতে যানবাহনের চাপ ততই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় আড়াই গুণ বেশি যানবাহন পারাপার হয়েছে। একই সময়ে টোল আদায় হয়েছে প্রায় সোয়া তিন কোটি টাকা।
সোমবার (২৫ মে) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার রাত ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে মোট ৩৯ হাজার ৯১৯টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৫ লাখ ১৫ হাজার ৬৫০ টাকা।
তথ্য অনুযায়ী, সেতুর পূর্ব টোলপ্লাজা দিয়ে উত্তরবঙ্গমুখী ২২ হাজার ১১২টি যানবাহন পারাপার হয়েছে। এ খাত থেকে আদায় হয়েছে ১ কোটি ৬২ লাখ ৩৫ হাজার ২৫০ টাকা। অন্যদিকে পশ্চিম টোলপ্লাজা দিয়ে ঢাকামুখী ১৭ হাজার ৮০৭টি যানবাহন চলাচল করেছে। সেখান থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬২ লাখ ৮০ হাজার ৪০০ টাকা।
সংশ্লিষ্টরা জানান, ঈদের সরকারি ছুটি শুরু হওয়ার আগেই শুক্রবার (২২ মে) বিকেল থেকে সেতু এলাকায় যানবাহনের চাপ বাড়তে শুরু করে। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে যমুনা সেতু কর্তৃপক্ষ নিয়মিত ১৪টি বুথের পাশাপাশি অতিরিক্ত আরও ৪টি বুথ চালু করেছে।
তবে যানবাহনের চাপ বাড়লেও এখন পর্যন্ত সেতু এলাকায় বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে।




Comments