হিরনপুর স্টেশনে মহুয়া কমিউটারের যাত্রাবিরতি শুরু, স্বস্তিতে নেত্রকোণাবাসী
দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর আবারও নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি শুরু করেছে ঢাকা-মোহনগঞ্জ রুটের ‘মহুয়া কমিউটার’ ট্রেন। সোমবার (২৫ মে) বিকেল থেকে আনুষ্ঠানিকভাবে ট্রেনটির স্টপেজ পুনরায় চালু হওয়ায় স্থানীয় যাত্রী ও এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, গত এক বছরেরও বেশি সময় ধরে হিরনপুর স্টেশনে মহুয়া কমিউটারের যাত্রাবিরতি বন্ধ ছিল। ফলে এই অঞ্চলের যাত্রীদের ট্রেনে যাতায়াতের জন্য কয়েক কিলোমিটার দূরে নেত্রকোণা সদর কিংবা শ্যামগঞ্জ স্টেশনে যেতে হতো। এতে শিক্ষার্থী, চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী ও রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। যাতায়াত খরচ বাড়ার পাশাপাশি নষ্ট হতো অতিরিক্ত সময়।
স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ও জনভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা রেলওয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে স্টপেজটি পুনরায় চালুর কার্যকর উদ্যোগ নেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে রেলওয়ে কর্তৃপক্ষ সোমবার থেকে হিরনপুর স্টেশনে যাত্রাবিরতির সিদ্ধান্ত কার্যকর করে।
সংসদ সদস্য মাছুম মোস্তফা জানান, "জনগণের দুর্ভোগ লাঘবে মহুয়া কমিউটারের যাত্রাবিরতি পুনরায় চালু করা হয়েছে। এটি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। শুধু মহুয়া কমিউটারই নয়, ভবিষ্যতে নেত্রকোণা-মোহনগঞ্জ রুটে লোকাল ট্রেন চালুর বিষয়েও আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।"
স্টপেজটি পুনরায় চালু হওয়ায় স্থানীয় ব্যবসা-বাণিজ্যে গতি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘ অপেক্ষার পর স্টেশনে ট্রেনের হুইসেল বাজায় উৎসুক জনতা ও যাত্রীদের মাঝে আনন্দঘন পরিবেশ তৈরি হয়।
মানবকণ্ঠ/ডিআর




Comments