Image description

ফরিদপুরে হামের প্রকোপ দিন দিন আশঙ্কাজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মে) জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মারা যাওয়া দুই শিশু হলো—রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া গ্রামের রেজাউল করিমের ৯ মাস বয়সী ছেলে আয়ান করিম এবং ফরিদপুর শহরের হাড়োকান্দি মহল্লার কামরুল ইসলামের ছেলে তিন মাস বয়সী আব্দুল্লাহ।

সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ২৯ মে পর্যন্ত শুধুমাত্র ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালেই হাম ও হামের উপসর্গে মোট ১৬ জন শিশুর মৃত্যু হয়েছে। জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, এই ১৬ জনের মধ্যে গোপালগঞ্জ ও ফরিদপুর জেলার ৪ জন করে শিশু রয়েছে। এছাড়া মাদারীপুর ও রাজবাড়ীর ৩ জন করে এবং মাগুরা ও যশোরের একজন করে শিশু প্রাণ হারিয়েছে।

বর্তমানে জেলার হাসপাতালগুলোতে হামের রোগীর ভিড় বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩০ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে ১৮ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১২ জন ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়। বর্তমানে এই দুই হাসপাতালে মোট ১২৯ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

তবে আশার কথা হলো, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩৩ জন রোগী। সিভিল সার্জন কার্যালয়ের হিসাবমতে, বছরের শুরু থেকে এখন পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৯৯২ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে, যার মধ্যে ১ হাজার ৭৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ রোধে দ্রুত টিকাদান নিশ্চিত করা এবং কোনো উপসর্গ দেখা দিলেই দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

মানবকণ্ঠ/আরআই