Image description

কুয়াকাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় পর্যটক নিহত

পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় ভ্রমণে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় জিসান (১৭) নামের এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই বন্ধুসহ আরও তিন পর্যটক গুরুতর আহত হয়েছেন। 

সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটার মেরিন ড্রাইভ সড়কের মাঝি বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসান শরীয়তপুর জেলার পালং থানা এলাকার আমির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুর থেকে তিন বন্ধু জিসান, রাব্বি ও আবির কুয়াকাটায় ভ্রমণে আসেন। সোমবার সকালে তারা মোটরসাইকেলযোগে মেরিন ড্রাইভ সড়ক হয়ে লেম্বুরবনের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে মাঝি বাড়ি এলাকায় পৌঁছালে মিম (১৮) নামের এক পথচারী পর্যটক রাস্তা পার হওয়ার সময় তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে আরোহী তিন বন্ধু এবং পথচারী মিম গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক জিসানকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মহিপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মানবকণ্ঠ/ডিআর