Image description

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তার ও নির্বাচনী বিরোধের জেরে ঘটা এই হামলায় অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। রোববার (৩১ মে) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন—পিয়ারপুর এলাকার মো. ফুরকান কসাই (৫৫), মো. এছেম (৫০) এবং মো. ফিরোজ (৪৮)। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পিয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহুরুল হক এবং সাবেক ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মুনতাজের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ চলে আসছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার সময় বিএনপি কার্যালয়ে মুনতাজের কয়েকজন কর্মী অবস্থান করছিলেন। এসময় জহুরুল হকের সমর্থক হিসেবে পরিচিত ৮-১০ জন ব্যক্তি অতর্কিতভাবে কার্যালয় লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন সাবেক চেয়ারম্যান জহুরুল হক। তিনি দাবি করেন, "তারা নিজেরা নিজেদের অফিসে ককটেল ফাটিয়ে আমাদের ওপর দায় চাপানোর চেষ্টা করছে। এই ঘটনার সাথে আমার বা আমার সমর্থকদের কোনো সম্পর্ক নেই।"

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার বলেন, "দলীয় কার্যালয়ে এমন ন্যাক্কারজনক হামলা অত্যন্ত দুঃখজনক। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।"

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মানবকণ্ঠ/আরআই