Image description

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১ জুন) দুপুর ১২টার দিকে রাজধানীর মিরপুরে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রবীণ এই রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আব্দুল মতিন ১৯৪৫ সালের ১৭ মার্চ কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের কামারকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কুলাউড়ার মাটি ও মানুষের নেতা হিসেবে দীর্ঘ রাজনৈতিক জীবন অতিবাহিত করেছেন। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট প্রার্থীর সমর্থনে তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছিলেন।

সংসদ সদস্য হওয়ার আগে তিনি কুলাউড়া উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান এবং জয়চন্ডী ইউনিয়ন পরিষদের পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং জেলা ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মরহুমের ভাতিজা ফরহাদ আহমদ জানান, আব্দুল মতিনের মরদেহ ঢাকা থেকে কুলাউড়ায় আনা হচ্ছে। আগামীকাল মঙ্গলবার (২ জুন) জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। তাঁর প্রয়াণে কুলাউড়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মানবকণ্ঠ/আরআই