পটুয়াখালীর বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে রবিন হাওলাদার (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকাল ৮টার দিকে বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লঞ্চঘাট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
আহতরা হলেন—ঠাকু রানী (৪৫), রনি হাওলাদার (২২) এবং হৃদয় হাওলাদার (২৪)। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কালাইয়া লঞ্চঘাট এলাকার হাওলাদার বাড়ির পানি নিষ্কাশনের জন্য মাটির নিচ দিয়ে পাইপ বসানো নিয়ে প্রতিবেশী আনন্দ ব্যাপারি গংদের সাথে দীর্ঘক্ষণ কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান রবিন হাওলাদার।
এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। আটককৃতরা হলেন—আনন্দ ব্যাপারি (৬০), কুসুম রানী (৫০), রতন ব্যাপারি (৩০) ও প্রদীপ ব্যাপারি (২৫)।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments