কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের চাপায় মো. হেদায়েত শিকদার ওরফে ফেরদৌস (৪৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০টার দিকে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পৌর এলাকার ফকিরপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফেরদৌস পাকুন্দিয়া পৌর সদরের চরপাকুন্দিয়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। তিনি পেশায় একজন ট্রাকচালক ছিলেন, তবে দীর্ঘদিন ধরে প্যারালাইসিসজনিত রোগে ভুগছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ফেরদৌস বাড়ির পাশে সড়কের ধারে হাঁটছিলেন। একপর্যায়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির মুরগিবাহী পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments