Image description

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মাতোয়ারা পুরো দেশ। এই ফুটবল জ্বর থেকে পিছিয়ে নেই চিকিৎসকরাও। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে পটুয়াখালীর এক বিশেষজ্ঞ চিকিৎসক দিয়েছেন এক চমকপ্রদ ও ব্যতিক্রমী ঘোষণা। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থক এই চিকিৎসক জানিয়েছেন, তাঁর চেম্বারে আর্জেন্টিনার জার্সি পরে চিকিৎসা নিতে এলে রোগীদের ভিজিট ফি অর্ধেক বা ৫০ শতাংশ কম নেওয়া হবে।

ব্যতিক্রমী এই ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের এনেস্থেশিয়া বিভাগের সহকারী অধ্যাপক ও ব্যথা বিশেষজ্ঞ ডা. মো. হাবিবুর রহমান। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “পুরো বিশ্বকাপ জুড়ে আমার চেম্বারে চলবে বিশেষ অফার। আর্জেন্টিনার জার্সি পরে চেম্বারে এলে ভিজিট হাফ।” তাঁর চেম্বারটি পটুয়াখালী শহরের কাজীপাড়ায় অবস্থিত গ্রিনভিউ হাসপাতালে।

ডা. হাবিবুর রহমানের নিয়মিত ভিজিট ৬০০ টাকা। তবে তাঁর এই বিশেষ অফার অনুযায়ী, বিশ্বকাপের সময় যারা আর্জেন্টিনার জার্সি পরে তাঁর কাছে চিকিৎসাসেবা নিতে আসবেন, তাদের কাছ থেকে মাত্র ৩০০ টাকা ভিজিট নেওয়া হবে।

এই বিষয়ে ডা. হাবিবুর রহমান বলেন, "আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলের অন্ধ সমর্থক। বিশ্বকাপ এলেই ফুটবল নিয়ে মানুষের মধ্যে আলাদা এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সেই আনন্দকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এবং প্রিয় দলের প্রতি ভালোবাসা থেকেই এই উদ্যোগ নিয়েছি। এটি মূলত ফুটবলপ্রেমীদের সাথে আনন্দ ভাগাভাগির একটি উপলক্ষ মাত্র।"

এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই বিষয়টিকে বিশ্বকাপের সুস্থ বিনোদনের অংশ হিসেবে দেখছেন। পটুয়াখালী শহরের বাসিন্দা ও ফুটবলপ্রেমীরা এই উদ্যোগকে ইতিবাচক ও মজার হিসেবে উল্লেখ করেছেন।

চিকিৎসা সেবার ক্ষেত্রে ফুটবল প্রীতির এমন মেলবন্ধন এবং জার্সির ওপর ভিত্তি করে ভিজিট কমানোর ঘটনা এর আগে খুব একটা দেখা যায়নি। ফলে ডা. হাবিবুর রহমানের এই সৃজনশীল ঘোষণাটি পটুয়াখালীসহ পুরো জেলায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মানবকণ্ঠ/ডিআর