Image description

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রশিদ (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় উপজেলার বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং সোনাহাট দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ছিল।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে একটি কাঁচা বাঁশ নিয়ে বাড়ির সামনের রাস্তার পাশের একটি গাছ থেকে আম পাড়তে যায় আব্দুর রশিদ। বাঁশ দিয়ে আম গাছে আঘাত করার সময় সেটি ছিটকে পাশের পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের তারে গিয়ে লাগে। বাঁশটি কাঁচা থাকায় সে মুহূর্তেই বিদ্যুতায়িত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস জানান, "ঘটনাটি শুনেছি। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

মানবকণ্ঠ/ডিআর