Image description

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে অবৈধভাবে ‘পুশইন’ করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কড়া নজরদারি ও কঠোর তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

রোববার (১৪ জুন) ভোর ৪টার দিকে দর্শনা-গেঁদে সীমান্তের ৭৬-৭৭ নম্বর মেইন পিলারের নিকটবর্তী এলাকা দিয়ে এই অনুপ্রবেশের চেষ্টা চালানো হয়। পুশইনের তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে ৮ জন পুরুষ ও ৩ জন নারী ছিলেন।

বিজিবি সূত্রে জানা যায়, ভোরে সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় বিজিবি সদস্যরা কাঁটাতারের বেড়ার কাছে কিছু মানুষের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। বিএসএফ ওই ১১ জনকে বাংলাদেশে প্রবেশের জন্য সীমানার কাছে নিয়ে আসে। বিজিবি তাৎক্ষণিক কঠোর অবস্থান গ্রহণ করলে বিএসএফ পিছু হটতে বাধ্য হয়।

এ বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও বিএসএফের অপতৎপরতা রুখতে বিজিবি সর্বদা প্রস্তুত। চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার মোট ১১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় বর্তমানে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি কয়েকগুণ বাড়ানো হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রাখছে।

মানবকণ্ঠ/ডিআর