উলিপুরে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
কুড়িগ্রামের উলিপুরে গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কয়সার আলী (৬০) নামে এক মৌসুমি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত কয়সার আলী উপজেলার হাতিয়া ইউনিয়নের চিড়াখাওয়ার পাড় গ্রামের তমিজউদ্দিনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ সরকার ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কয়সার আলী একজন মৌসুমি কাঁঠাল ব্যবসায়ী। রোববার সকালে তিনি মধুপুর গ্রামে ইসমাইল হোসেনের বাড়িতে গাছ থেকে কাঁঠাল পাড়তে যান। গাছে উঠে কাঁঠাল পাড়ার সময় তাঁর হাতের কাস্তে অসাবধানতাবশত বিদ্যুতের তারে লেগে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments