নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা ও গুলিবর্ষণ, আহত ৫
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পর তাদের সহযোগীদের হামলার শিকার হয়েছে পুলিশ। হামলাকারীদের ছোঁড়া গুলি ও ইটপাটকেলে একজন উপ-পরিদর্শকসহ (এসআই) ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।
শনিবার (১৩ জুন) দিবাগত রাতে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের শহরের খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নন্দন সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল মাসদাইর গুদারাঘাট এলাকায় শীর্ষ মাদক কারবারি 'ফাইটার মনির'-এর আস্তানায় অভিযান চালায়। সেখান থেকে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ মনির (৩৮), নাঈম (২৮) ও মাসুমকে (২৪) আটক করা হয়। আটকের খবর ছড়িয়ে পড়লে মনিরের সহযোগী মাদক কারবারিরা সশস্ত্র অবস্থায় সংঘবদ্ধ হয়ে পুলিশকে ঘিরে ফেলে।
আসামিদের ছিনিয়ে নিতে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ১০-১২ রাউন্ড গুলি ছোঁড়ে এবং ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে পুলিশও দুই রাউন্ড শটগানের গুলি ছোঁড়ে। একপর্যায়ে হামলাকারীদের ছোঁড়া গুলিতে তাদেরই সহযোগী গ্রেফতারকৃত ফাইটার মনিরের পায়ে গুলি লাগে। পরে পুলিশের কঠোর প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যায়।
আহত পুলিশ সদস্যরা হলেন— এসআই নন্দন সরকার, এসআই মনির, এএসআই কামরুল হাসান, এএসআই মনির হোসাইন এবং কনস্টেবল আশিক।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ব্যবসায়ীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ৫ পুলিশ সদস্য আহত হলেও তারা কেউ গুলিবিদ্ধ হননি। তবে হামলাকারীদের গুলিতে গ্রেফতার মনিরের পায়ে আঘাত লেগেছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments