Image description

পটুয়াখালী সদর উপজেলায় অভিযান চালিয়ে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৩০ হাজার টাকার জাল নোটসহ মো. আসাদুজ্জামান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৮। মঙ্গলবার (১৬ জুন) পটুয়াখালী সদর থানা এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল জানতে পারে যে, এক ব্যক্তি বিপুল পরিমাণ গাঁজা বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছেন এবং তিনি জাল নোটের ব্যবসার সঙ্গেও জড়িত। এই তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা সদর উপজেলার কালিকাপুর টোল প্লাজার উত্তর পাশে মহাসড়কের ঢাল এলাকায় অবস্থান নেয়।

অভিযানকালে সন্দেহভাজন আসাদুজ্জামানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে ৩০ হাজার টাকার সমমূল্যের জাল নোট উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেখানো স্থান থেকে টেপ ও পলিথিনে মোড়ানো অবস্থায় ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে র‍্যাব।

র‍্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসান জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জাল নোট নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত আলামতসহ তাকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে র‍্যাবের এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মানবকণ্ঠ/ডিআর