স্বামীকে বিমানবন্দরে বিদায় দিতে গিয়ে প্রাণ গেল স্ত্রীর, আহত ১১
মুন্সীগঞ্জের সিরাজদীখানে প্রবাসী স্বামীকে বিমানবন্দরে পৌঁছে দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মমতাজ বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় শিশুসহ আরও ১১ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর বউবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মমতাজ বেগম জেলার টঙ্গীবাড়ী উপজেলার বজ্রযোগিনী গ্রামের দুবাই প্রবাসী মো. লিটন হোসেনের (৪০) স্ত্রী। প্রিয়জনকে হাসিমুখে বিদায় জানাতে গিয়ে মমতাজের এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, লিটন হোসেন তার কর্মস্থল দুবাইয়ে ফেরার উদ্দেশ্যে পরিবারের সদস্যদের নিয়ে একটি মাইক্রোবাস যোগে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। পথে সিরাজদীখানের কুসুমপুর বউবাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে মাইক্রোবাসটি রাস্তার পাশের একটি গভীর খাদের পানিতে পড়ে যায়।
স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে ইছাপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মমতাজ বেগমকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত ১১ জনের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৬ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে দুইজন শিশু রয়েছে।
সিরাজদীখান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাইক্রোবাসের যাত্রীরা সবাই একে অপরের নিকটাত্মীয়। চালকের অসাবধানতায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments