রায়পুরায় আধিপত্যের লড়াইয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, আহত ১০
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের গুলিতে অনিক (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) ভোরে উপজেলার দুর্গম চরাঞ্চল নিলক্ষা ইউনিয়নের হরিপুর ও দড়িগাঁ এলাকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত অনিক দড়িগাঁ পূর্বপাড়া এলাকার ওসমান মেম্বারের ছেলে এবং স্থানীয় নাজিম উদ্দিন গ্রুপের সমর্থক বলে জানা গেছে। এই ঘটনায় রাজু (২৮) ও মোস্তফা (৬০) নামে আরও দুইজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নিলক্ষা ইউনিয়নের নাজিম উদ্দিন গ্রুপের সাথে আলাল মুন্সি ও জবা মেম্বার গ্রুপের দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে আলাল মুন্সির অনুসারীরা দীর্ঘদিন এলাকা ছাড়া ছিলেন। মঙ্গলবার ভোরে স্পিডবোটযোগে ভাড়াটিয়া অস্ত্রধারীদের নিয়ে তারা এলাকায় প্রবেশ করে নাজিম উদ্দিনের সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় উভয় পক্ষ দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভোর থেকে শুরু হয়ে সকাল সাড়ে ১০টা পর্যন্ত চলা এই সংঘর্ষে অনিক মাথায় গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, গত বছরের ৮ ডিসেম্বর একই বিরোধের জেরে এই দুই গ্রুপের সংঘর্ষে কুয়েতপ্রবাসী মামুন মিয়া নামে এক যুবক নিহত হয়েছিলেন। আজকের এই সংঘর্ষ সেই ঘটনারই ধারাবাহিকতা বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, “বর্তমানে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। গোলাগুলি বন্ধ আছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ জানান, পূর্ববিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments