সিদ্ধিরগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় শিশু নিহত, মা আশঙ্কাজনক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী সিনথিয়া রহমান হুমায়রা (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির মা-বাবা ও ছোট ভাইসহ আরও অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশুটির মা সানজিদার অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে লিংক রোডের জালকুড়ি আন্ডারপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়রা মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার এলাকার আশিকুর রহমান শামীমের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে ঢাকামুখী একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে একটি দ্রুতগামী প্রাইভেটকার সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং শিশু হুমায়রা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। আহত অন্যান্যদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা ঘাতক প্রাইভেটকারের ভেতরে থাকা দুই আরোহীকে আটকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ সময় তাদের তল্লাশি করে পিস্তলের মতো দেখতে একটি লাইটার উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, প্রাইভেটকারে থাকা ওই দুই ব্যক্তি নারায়ণগঞ্জের ফকির গার্মেন্টসের মালিকপক্ষের আত্মীয়।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, ঘাতক প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক কৌশলে পালিয়ে গেছে। আটককৃতদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments